দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষায় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরিবর্তে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) উপজেলার সেতাবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।

নির্ধারিত সূচি অনুযায়ী ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা শুরু হলে ওই কক্ষের ৯ জন পরীক্ষার্থীর হাতে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র চলে যায়। এই বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরে পরীক্ষার্থীরা বিষয়টি কক্ষ পরিদর্শককে জানালে তাৎক্ষণিক ভুল প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে প্রথম পত্রের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

এ ঘটনায় অবহেলার অভিযোগে তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে পরীক্ষা কমিটির হল সুপারের দায়িত্বে থাকা সেতাবগঞ্জ মহিলা কলেজের শিক্ষক আবুল কাশেম জানান।

শিক্ষক আবুল কাশেম বলেন, “প্রশ্নপত্রের খামের গায়ে প্রথম পত্র লেখা ছিল। সেই অনুযায়ী আমরা খাম নিয়ে আসি। কিন্তু পরীক্ষার হলে খাম খোলার পর দেখা যায়, ভেতরে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র রয়েছে।

“বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে আসেন। পরে পাশের সেতাবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্র থেকে প্রথম পত্রের প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়েছে। এতে প্রায় ১০ মিনিট বিলম্ব হয়েছে।”

ঘটনার পর পরীক্ষা কমিটির দায়িত্বে থাকা তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তারা হলেন- কেন্দ্র সচিবের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা কুশল চন্দ্র রায়, হল সুপার আবুল কাশেম এবং ট্যাগ কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াহিদা ফারজানা।

এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান বলেন, “প্রশ্নপত্র সাজানোর সময় হয়তো কোনো ভুল হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

“তারপরও যে কয়েকজন দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে।”

এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বোরহান উদ্দিন বলেন, “প্রথম পত্রের প্রশ্নের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র কয়েকজন পরীক্ষার্থীর হাতে চলে গিয়েছিল। তবে কয়েক মিনিটের মধ্যেই পাশের কেন্দ্র থেকে সঠিক প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়।”

তিনি বলেন, “প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রের চারটি সেট থাকে। যেহেতু দ্বিতীয় পত্রের একটি সেট পরীক্ষার্থীরা দেখে ফেলেছেন তাই আগামী ২৯ জুলাই অনুষ্ঠেয় দ্বিতীয় পত্রের পরীক্ষায় বিকল্প সেটের প্রশ্নপত্র ব্যবহার করা হবে।”