চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে এবং ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আন্তরিক। ফলে তিনি আপাতত নতুন করে কোনো বড় ধরনের হামলার পরিকল্পনা স্থগিত রেখেছেন, যদিও সামরিক বিকল্প এখনো খোলা রেখেছেন।

যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। মূলত টানা ১৩ দিনের মতো ইরানে মার্কিন হামলার পর দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি কথা বলছিলেন।

ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস বা আন্তরিক হয়ে উঠেছে। তবে দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য এখনও উভয় পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

তবে এর আগে তিনি তেহরানের যেকোনো উসকানি বা হামলার জবাব দিতে প্রস্তুত আছেন বলেও সতর্কতা দিয়েছেন।

অন্যদিকে তেহরান জানিয়েছে, তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না এবং ওয়াশিংটনের হুমকির ভাষাও মেনে নেবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরান হুমকিকে ভয় পায় না বা চাপের কাছে নতি স্বীকার করে না।