মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কচুরগুল এলাকায় জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীর সংঘর্ষের ঘটনায় দায়ের কোপে এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২৫ জুলাই) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত নারীর নাম হালিমা বেগম; তিনি ওই গ্রামের দুবাই প্রবাসী ছলিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে রোজি বেগম ও হালিমা বেগমের মধ্যে সকালে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নিলে রোজি বেগম ধারালো দা দিয়ে হালিমাকে কোপ দেন। এতে হালিমার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত হালিমাকে স্বজনরা উদ্ধার করে প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ওই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই পুরোনো বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, গুরুতর আহত ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।