অধিকৃত পশ্চিম তীরে শনিবার শেষ রাতে নাবলুস ও তুলকারেম এলাকার ফিলিস্তিনীদের দুটি পৃথক গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। এ সময় তারা দুটি মসজিদে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ রোববার (২৬ জুলাই) এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
এর কয়েক দিন আগেও একই অঞ্চলে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় ছয়জন নিহত হন। গাজা উপত্যকা ধ্বংসের পর ইহুদিবাদদের নজর এখন পশ্চিম তীরের ওপর পড়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, নাবলুস শহরের দক্ষিণে কুসরা শহরের একটি নির্মাণাধীন মসজিদে আগুন ধরিয়ে দেয় একদল ইসরায়েলি বসতিস্থাপনকারী।
কুসরার মেয়র আবদেল আজিম ওয়াদি বলেন, হামলাকারীরা মসজিদের প্রধান প্রবেশপথে আগুন দেয়। এতে প্রবেশদ্বার সম্পূর্ণ পুড়ে যায় এবং মসজিদের পাথরের দেয়ালেরও ক্ষতি হয়।
তার জানান, হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগান লিখে যায়। এর মধ্যে ‘প্রতিশোধ’ শব্দটিও ছিল।
এদিকে তুলকারেমের কাছে কৌর গ্রামেও আরেকটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা ওই মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে রেখে গেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ ঘটনাকে ধর্মীয় স্থাপনায় হামলা এবং উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।
এর আগে শুক্রবার পশ্চিম তীরের তাল গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে চার ফিলিস্তিনি এবং দুই ইসরায়েলি নিহত হন।
সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা এবং সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফিলিস্তিনিদের অভিযোগ, বসতিস্থাপনকারীদের হামলা, অগ্নিসংযোগ এবং সম্পত্তি ধ্বংসের ঘটনা ক্রমেই বাড়ছে। অন্যদিকে ইসরায়েল এসব ঘটনায় নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে আসছে।
নতুন এই দুই মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: আল-জাজিরা