স্পেনে শুরু হতে যাচ্ছে চলতি গ্রীষ্মের তৃতীয় তাপপ্রবাহ। উত্তর আফ্রিকা থেকে ধেয়ে আসা এই উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহের কারণে এবারের দাবদাহে দেশটির কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার শঙ্কা রয়েছে।
শনিবার দেশটির আবহাওয়া সংস্থা এমেট এই পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির মতে, আগামী মঙ্গলবার (২১ জুলাই) থেকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) নাগাদ দাবদাহ সর্বোচ্চ তীব্রতায় পৌঁছাতে পারে,যেখানে গুয়াদালকুইভির উপত্যকা ও জেনিল অববাহিকার মতো নির্দিষ্ট কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার শঙ্কা রয়েছে। শুক্রবার থেকে তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হলেও এর স্থায়িত্বকাল বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আন্দালুসিয়া, মুরসিয়া, এব্রো উপত্যকা এবং মায়োর্কার অভ্যন্তরীণ অঞ্চলগুলো।
মঙ্গলবার ও বুধবার অভ্যন্তরীণ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে উঠবে। বৃহস্পতিবার তা বেড়ে ৪২ থেকে ৪৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে।
এই সময়ে দুপুরের প্রখর রোদে বাইরের কাজ থেকে বিরত থাকা এবং শিশু, বয়স্ক ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার জন্য দেশটির স্বাস্থ্য ও আবহাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।