রমনা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড (রমনা) কাউন্সিল পদপ্রার্থী আবদুস সাত্তার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে রমনা সমাজ কল্যাণ সোসাইটির উপদেষ্টা এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, রমনা সমাজ কল্যাণ সোসাইটি প্রতিষ্ঠাকাল থেকে স্থানীয়দের নানাবিধ সেবায় নিয়োজিত রয়েছে। দুর্যোগ-দুর্দিনে রমনা সমাজ কল্যাণ সোসাইটি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, যার নেতৃত্বে রমনা সমাজ কল্যাণ সোসাইটি পরিচালিত হয়ে আসছে তিনি যদি রমনার কাউন্সিলর নির্বাচিত হন তবে আশা করা যায়, নগর সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারবেন। যিনি সামাজিক কাজে অভ্যস্ত তিনি জনপ্রতিনিধি হলে জনগণের কল্যাণে ব্যাপকভিত্তিক সামাজিক কাজ বাস্তবায়িত হবে। কিন্তু যারা সামাজিক কাজ করে না তাদেরকে জনপ্রতিনিধি করা হলে জনগণের দুর্ভোগ নিঃশেষ হবে না। জনগণের দুর্ভোগ নিঃশেষ করতে আগামীতে সৎ যোগ্য দক্ষ এবং আল্লাহ ভীরু নেতৃত্বকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে তিনি রমনা বাসীর প্রতি আহ্বান জানান।

শনিবার (১৮ জুলাই) রাতে রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে এক মেজবানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে রমনা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড (রমনা) কাউন্সিল পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন আগামী দিনের রমনা কেমন হবে, তার একটি আধুনিক ও কল্যাণমুখী মহাপরিকল্পনা উপস্থাপন করে বলেন, ঢাকা শহরে সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক নিরাপত্তা। আগামীতে রমনাকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে। এখানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী থাকবে না।

রমনা বাসীর জন্য নাগরিক সেবা সহজিকরণ করতে বিশেষ নাগরিক সেবা কার্ড চালু করা হবে উল্লেখ করে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও নগর সেবায় বিশেষ সুবিধা ও ছাড় পাওয়া যাবে।

শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি, অনিয়ম ও ভর্তি বাণিজ্য বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, জলাবদ্ধতা নিরসনে বিশেষ ব্যবস্থাপনায় স্থায়ী সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া এবং নাগরিক সেবায় জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে সকল শ্রেণীপেশার বিশিষ্টজনদের সমন্বয়ে নাগরিক কমিটি গঠন করে জনগণের দোরগড়ায় সেবা পৌছিয়ে দেওয়ার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন একক নেতৃত্ব নয়, সকলের অংশগ্রহণে ১৯নং ওয়ার্ড (রমনা) কে বাসযোগ্য ও মানবিক শহর হিসেবে গড়ে তোলা হবে। এজন্য তিনি সমাজের সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরচুন শপিং কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা সোহায়ল জামিল, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ চৌধুরী, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের খতিব মাওলানা ড. মো. হাবিবুর রহমান, শহীদ ফারহান ফাইয়াজের পিতা মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, সাংবাদিক গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, অধ্যাপক নাছির হায়দার, রমনা সমাজ কল্যাণ সোসাইটির সেক্রেটারি মো. আতিকুর রহমান প্রমুখ।