বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) মিরপুরে এক বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল এবং জনসমুদ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে সংগঠনের সকল স্তরের জনশক্তিকে ময়দানে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

গত ২০ জুলাই (সোমবার) জামায়াতের মিরপুর কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আগামী ২৩ জুলাই বিকাল ৪টায় মিরপুর ফলপট্টি সংলগ্ন রাস্তায় এ জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, এই জনসভার উদ্দেশ্য কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি পালন নয়, বরং জনগণের সামনে দলের বক্তব্য ও দাবিগুলো সুস্পষ্টভাবে তুলে ধরা। বিশেষ করে জুলাই গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের আইনগত ও সাংবিধানিক ভিত্তি সম্পর্কে জনগণকে অবহিত করা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন ও তা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই জনসভার মূল লক্ষ্য। একইসঙ্গে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে জনমত গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

তিনি আরও বলেন, জামায়াত একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন। তাই দলটির প্রতিটি কর্মসূচি হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সম্পূর্ণ আইনসম্মত। তারা জনগণের কাছে তাদের বক্তব্য যুক্তি, শালীনতা ও দায়িত্বশীলতার সাথে তুলে ধরবেন। মাহফুজুর রহমান জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি আগামী ২৩ তারিখের জনসভাকে গণজোয়ারে পরিণত করতে সবাইকে মাঠে তৎপর থাকার নির্দেশনা দেন।

মিরপুরের এই প্রস্তুতি সভায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও পল্লবী জোনের পরিচালক নাসির উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ মিরপুর, কাফরুল ও পল্লবী অঞ্চলের থানা আমীরগণ এবং ছাত্র, শ্রমিক ও যুব বিভাগের দায়িত্বশীলবৃন্দ।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ জুলাইয়ের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কর্নেল (অব.) আব্দুল বাতেন এমপি, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান এমপি, ডাকসু ভিপি সাদিক কায়েম, জকসু ভিপি রিয়াজুল ইসলাম এবং জাকসু জিএস মাজহারুল ইসলামসহ কেন্দ্র ও মহানগরীর অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।