“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের অংশ হিসেবে কক্সবাজার জেলা পুলিশের ব্যবস্থাপনায় বিশেষ এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ হাতে নেয়া হয়।

সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। তিনি বেশকটি ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এসময় জেলা পুলিশের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জেলা পুলিশ লাইনস ও সকল থানা প্রাঙ্গণে একযোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সরকারি ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সাথে একাত্মতা প্রকাশ করে কক্সবাজার জেলা পুলিশ এই কর্মসূচির আয়োজন করে।