শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় গাজীপুর জেলা ও মহানগরের প্রায় ৩৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্বোধন করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-অ্যাট-ল)। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে শিক্ষার্থীরা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্রীড়া কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

জেলা পরিষদের প্রশাসক আরও জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ নজরুল ইসলাম।

এ সময় গাজীপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।