বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের মালদহ জেলার একটি বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন জওয়ান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বৈষ্ণবনগরে অবস্থিত বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন ক্যাম্পের ১১৯ নম্বর ও ৭১নম্বর ব্যাটেলিয়নের কিছু জওয়ানদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, এরপরেই চলে গুলি।বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়ন এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর রাজশাহী সীমান্তের এপারে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগরে।
বৃহস্পতিবার দুপুরে সেখানে বিবাদে জড়ান দুই ব্যাটেলিয়নের কয়েকজন বিএসএফ জওয়ান। এরপরেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ১১৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান শিবম মিশ্রের বিরুদ্ধে। তিনি ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। তার গুলিতেই মৃত্যু হয় ৭১ নম্বর ব্যাটেলিয়নের দুই বিএসএফ জওয়ানের। গুরুতর আহত হন আরো একজন ৭১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান।
নিহতরা হলেন, অজয় কুমার সিং বয়স (৫১) এবং আম্বদর সুরেশ দরগু (৩৭)। গুরুতর আহত হয়েছেন বিকাশ ব্রম্ম (৪৪)। তিনি বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে মৃত দুই জওয়ানের দেহও ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে হওয়া হয়েছে।
বিএসএফ এ বিষয়ে এখনো কোনরকম বিবৃতি দেয়নি। তবে বিএসএফ সূত্রের খবর বৃহস্পতিবার দুপুরে জওয়ানরা বিশ্রাম নেয়ার সময় আচমকা সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন অভিযুক্ত শিবম। তার বিরুদ্ধে এক বছর আগেও সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় বিএসএফের নিজস্ব আইনে তার শাস্তি হয়েছিল। দিন কয়েক আগে সেই শাস্তির মেয়াদ শেষ হয়। সম্প্রতি তাকে বাড়ি ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। তার মধ্যেই ফের এই কাণ্ড।
বিএসএফের মালদহ সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, তাদের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্তকে।
ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।