৪ জুলাই (শনিবার) বরগুনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী এক শিক্ষাশিবির নূরে হেরা দাখিল মাদ্রাসা মিলনায়তনে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সদস্যদের (রুকনদের) নিয়ে অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ত্যাগ ও কুরবানির পথ ধরেই ইসলামী আন্দোলনের কাজ শাণিত হবে এবং বাংলাদেশে ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ।

সদস্য শপথের তাৎপর্যের উপর আলোকপাত করে তিনি আরও বলেন, আল্লাহর দ্বীনের জন্য জানমাল কুরবানী করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করাই সদস্যপদের দাবি। বিগত ফ্যাসিস্ট আমলে অবর্ণনীয় জুলুম-অত্যাচারের মুখোমুখি হয়েও জামায়াতের দায়িত্বশীল ও রুকনগণ সংগঠনের দায়িত্ব পালনে অবিচল ছিলেন। তাদের ত্যাগের কারণেই জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশে ইসলামী আন্দোলনের সম্ভাবনার দুয়ার উজ্জ্বল হয়েছে।

বিগত জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন স্থানীয় নির্বাচনের প্রেক্ষিত তুলে ধরে তিনি বলেন, সংগঠনের শৃঙ্খলা, আনুগত্য, দায়িত্ব পালনে একাগ্রতা এবং দেশ ও দ্বীনের স্বার্থে রুকনগণকে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল। বরিশাল মহানগরী আমীর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব অধ্যক্ষ জহির উদ্দীন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব এ. কে. এম. ফখরুদ্দীন খান রাযী এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যাপক শাহ আলম এ শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথিবৃন্দ দারসুল কুরআন, সদস্যপদ, ইসলামী আন্দোলনের গণভিত্তি রচনার প্রয়োজনীয়তা, সমাজ পরিবর্তনে সামাজিক কার্যক্রমের গুরুত্ব ও পদ্ধতি, সংগঠন ও নেতৃত্বদান- শীর্ষক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উক্ত শিক্ষাশিবির অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা নায়েবে আমীর জনাব মাওলানা আফজালুর রহমান ও জেলা সেক্রেটারি জনাব আসাদুজ্জামান আল মামুন।