দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

২৪ জুন ২০২৬ (বুধবার) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত 'ফল উৎসব-২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিগত বছরগুলোয় দেশের মানুষ এ ধরনের একটি সংসদের অপেক্ষায় ছিল উল্লেখ করে তিনি বলেন, এবারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়েছে এবং এই সংসদের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণ বাড়বে।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি পূর্ববর্তী সংসদগুলোর সমালোচনা করেন। বিশেষ করে হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদের সদস্য থাকার অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, তখন নানা অনিয়ম ও 'ফাঁকতালে' বহু লোক সংসদ সদস্য হয়ে যেতেন, যা বলতেও এখন লজ্জা লাগে।

তিনি উল্লেখ করেন যে, ১৯৯১ সালে তিনি একটি ভালো সংসদ দেখেছিলেন এবং বর্তমান সংসদটিও ঠিক তেমনই কার্যকর।

এবারের নির্বাচনে মানুষ পরিবর্তন চেয়েছিল বলেই অনেকে নিজস্ব যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। তাই জনগণের সেবা করাই এখন সংসদ সদস্যদের সবচেয়ে বড় দায়িত্ব।

গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকা ও প্রচারের মাধ্যমে জাতীয় সংসদ জনগণের প্রকৃত আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং এর মর্যাদা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তাঁরাও সংসদকে রাষ্ট্রীয় সব কার্যক্রমের কেন্দ্রবিন্দু এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।