জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমান - খালেদা জিয়ার কবরে
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
স্টাফ রিপোর্টার
দায়িত্ব পালনের প্রথম দিনেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা এবং দেশের অন্যতম রাজনৈতিক নেতৃত্বে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে হাফিজ উদ্দিন আহমদ তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদনের সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেয় তিন বাহিনীর একটি চৌকস দল। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে। আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পরিদর্শন বইয়ে সই করে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
পরিদর্শন-বইয়ের মন্তব্যে হাফিজ উদ্দিন আহমদ লেখেন, জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাদের সর্বোচ্চ ত্যাগ ও অসীম দেশপ্রেমের বিনিময়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ লাভ করেছি। এই পবিত্র স্মৃতিসৌধ আমাদের জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য এবং দেশপ্রেমের চিরন্তন প্রতীক। আমি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তিনি আরও লেখেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং আমাদের মহান শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবÑ এ প্রত্যাশা ব্যক্ত করছি। মহান আল্লাহ তা’য়ালা আমাদের বীর শহীদদের রুহের মাগফিরাত দান করুন এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন। এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সকাল ১১টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধে এসে পৌঁছান এবং তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত অন্যান্য কর্মকর্তার সঙ্গে কুশলা বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার ‘শারীরিক ও মানসিক’ সামর্থ্য না থাকার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে সংবিধান মেনে রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা
জাতীয় স্মৃতি সৌধ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আসেন ঢাকার শেরে বাংলা নগরে। দুপুর সাড়ে ১২টার দিকে জিয়া উদ্যানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে শরিক হন।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকাল ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীতে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
বঙ্গভবনের অফিস করবেন কাল :
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে যাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। কাল মঙ্গলবার তিনি বঙ্গভবনে অফিস করবেন বলে জানা গেছে। গতকাল রোববার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত শুক্রবার স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়ে পদত্যাগ করার পর সাংবিধানিক নিয়মে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।