জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪,০৪১.২১ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। আজ বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের ক্যাবিনেট ডিভিশন কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে।

মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা সংস্থান করা হবে। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

১. পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প: দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলায় মোট ৯১,৫৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হবে। এর মাধ্যমে ৪৫,৭৮০ জন দুঃস্থ ও অসহায় নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

২. জালানি ও গ্যাস অনুসন্ধান প্রকল্প: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে বাপেক্স এবং পেট্রোবাংলার উদ্যোগে ১টি মূল্যায়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) খনন করা হবে। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭২৯.২২ কোটি টাকা।

৩. স্বাস্থ্যসেবা উন্নয়ন (কিডনি ডায়ালাইসিস কেন্দ্র সম্প্রসারণ): দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিদ্যমান কিডনি ডায়ালাইসিস কেন্দ্রগুলোকে ৫০ শয্যাবিশিষ্ট সুবিধায় রূপান্তর করা হবে.জেলা সদর হাসপাতালগুলোতে নতুন করে ১০ শয্যার ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন করা হবে (২য় সংশোধিত)।

৪. যোগাযোগ ও অবকাঠামো: ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প (২য় সংশোধিত), বৃহত্তর দিনাজপুর জেলার (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSIDP-2) প্রকল্প।

৫. বিদ্যুৎ ও দুর্যোগ ব্যবস্থাপনা: সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিত), দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিত)।

ছোট প্রকল্পসমূহের অবহিতকরণ

একনেক সভায় পরিকল্পনা মন্ত্রীর আওতায় অনুমোদিত অনূর্ধ্ব ৫০ কোটি টাকা ব্যয়ের আরও ১১টি ছোট প্রকল্প সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এগুলোর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি আঞ্চলিক অফিস স্থাপন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো উন্নয়ন অন্যতম।

এই প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে দেশের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ সরবরাহ এবং জ্বালানি নিরাপত্তায় ব্যাপক গতি আসবে বলে আশা করা হচ্ছে।