বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় ভিসি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্রপরিচালনা ও সংসদীয় গণতন্ত্রের এক প্রজ্ঞাবান, সৎ, দূরদর্শী ও আদর্শনিষ্ঠ ব্যক্তিত্ব। ভাষা আন্দোলনের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নীতি ও আদর্শের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাঁর কর্মময় জীবন, সততা ও দেশসেবার আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
উপাচার্য আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব ও নিবেদিতপ্রাণ দেশপ্রেমিককে হারালো, যা দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় ভিসি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রোববার (১২ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।