বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশনের উদ্যোগে বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর ড. মনিরা হোসেন স্মৃতি আলাপ ও চা-চক্রের ষষ্ঠ পর্ব উপলক্ষে এ আয়োজন করা হয়।

স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান।

ভিসি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি ও জটিল চ্যালেঞ্জ। মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিলেও তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু কর্মমুখী শিক্ষা নয়; মানবিক মূল্যবোধ, গবেষণা, মুক্তচিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার বিকাশেও ভূমিকা রাখতে হবে। এ ধরনের একাডেমিক আলোচনা সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউবির ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. মো. আলী করিম। তিনি রোহিঙ্গাদের ঐতিহাসিক পটভূমি, নৃ-তাত্ত্বিক পরিচয়, নাগরিকত্ব সংকট, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে মানবিক অধিকার নিশ্চিতের পাশাপাশি গবেষণাভিত্তিক নীতি প্রণয়ন প্রয়োজন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল অব এডুকেশনের অধ্যাপক ড. সোয়াইব আহমেদ। আলোচনা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।