কৃষি গবেষণাকে মাঠপর্যায়ে সম্প্রসারণ এবং উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘গবেষণা, উদ্ভাবন, উন্নয়ন ও সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। সঞ্চালনা করেন বহিরাঙ্গন কেন্দ্রের সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রহমান।
সেমিনারে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বদনিভাঙ্গা ও পাজুলিয়া গ্রামের ৪০ জন কৃষক-কৃষাণী, খামারি ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত উন্নত ফসলের জাত, আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, জলবায়ু-সহনশীল কৃষি উদ্ভাবন এবং গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি উৎপাদন ব্যয় কমানো, ফলন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়াতে এসব প্রযুক্তির কার্যকারিতা ও সম্ভাবনার বিষয়েও আলোকপাত করেন।
পরে পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম মৌলিক ও প্রায়োগিক গবেষণা এবং গবেষণালব্ধ প্রযুক্তি সম্প্রসারণে গাকৃবির উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, 'গবেষণা শুধু গবেষণাগার বা প্রকাশনায় সীমাবদ্ধ থাকলে তার প্রকৃত মূল্যায়ন হয় না। গবেষণার প্রকৃত সার্থকতা তখনই, যখন সেই উদ্ভাবন কৃষকের মাঠে পৌঁছে উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে।'
তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণাকে সমাজের বাস্তব চাহিদার সঙ্গে সম্পৃক্ত করে কৃষকের অভিজ্ঞতা ও প্রয়োজনকে গবেষণার শক্তিতে রূপ দিতে নিরলসভাবে কাজ করছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস, কৃষি শিক্ষা ও গবেষণায় অবদান এবং আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে অর্জিত সাফল্যের কথাও তুলে ধরেন।
আলোচনা পর্বে কৃষি গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকের জীবনমান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে অতিথিরা গুরুত্বপূর্ণ মতামত দেন। পরবর্তীতে অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তারা মাঠপর্যায়ের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা এবং প্রযুক্তি গ্রহণে প্রয়োজনীয় সহায়তার বিষয় তুলে ধরলে বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিশেষজ্ঞরা তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনার শেষে অংশগ্রহণকারীরা গাকৃবির গবেষণা কার্যক্রম ও উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী এবং গবেষণা মাঠ পরিদর্শন করেন। কৃষক ও গবেষকদের প্রাণবন্ত মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।