রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রেজা নিউটনকে হত্যার হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচার এবং তাঁর বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউটিএফের আহ্বায়ক প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব ড. শামীম হামিদী বলেন, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের সময় অধ্যাপক সেলিম রেজা নিউটন শিক্ষার্থীদের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর সেই অবস্থানের কারণেই আন্দোলনের পর থেকে তিনি ধারাবাহিকভাবে অনলাইনে হত্যার হুমকি, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করেন, অধ্যাপক নিউটনের পাশাপাশি তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ড সংঘবদ্ধভাবে পরিচালিত হচ্ছে এবং এর উদ্দেশ্য হলো জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা, আন্দোলনের চেতনাকে দুর্বল করা এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা।
ইউটিএফ নেতারা বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের হুমকি ও অপপ্রচার শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং পুরো শিক্ষক সমাজের নিরাপত্তা ও স্বাধীন মতপ্রকাশের পরিবেশকে হুমকির মুখে ঠেলে দেয়। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকিদাতা ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
একই সঙ্গে অধ্যাপক সেলিম রেজা নিউটন ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ইউটিএফের নেতৃবৃন্দ।