স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর সদর থানার গজারিয়াপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ড্রিম হেভেন অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের প্রায় ২০০ গজ উত্তরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন, এসআই মোঃ কামরুল হাসান ও এএসআই আলামিন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল একটি সাদা রঙের টয়োটা কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মোঃ আরিফ ভূইয়া (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফ ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তন্তর গ্রামের বাবুল ভূইয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দ করা কাভার্ড ভ্যানটিও মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।