বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় হত্যাসহ একাধিক মামলার আসামী আরিফ শেখ (৩৫) নামের এক সন্ত্রাসী কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে।

স্বজনদের ভাষ্য, ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। পরে গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহতের বোন রুমি অভিযোগ করেন, তাদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পেতেন। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাদল ভাড়াটে লোক দিয়ে আরিফকে হত্যা করিয়েছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আরিফ শেখের বিরুদ্ধে হত্যা,ছিনতাই, অস্ত্র আইন ও মাদকের ৫ টি মামলা রয়েছে।

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।