গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় অবস্থিত কালার কো লিমিটেড কারখানায় মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক। তাদের অধিকাংশই নারী। পরে তাদের মাওনা চৌরাস্তার
আল হেরা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
শ্রমিকরা জানান, সকাল ৮টার দিকে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর কারখানার পঞ্চম তলার সুইং বিভাগে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে মাথা ঘোরা, পেটব্যথা ও বমি বমি ভাব নিয়ে একে একে আরও অনেক শ্রমিক অসুস্থ হন।
খবর ছড়িয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেক শ্রমিক বাইরে বেরিয়ে যান। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের অসুস্থ হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কালার কো লিমিটেড কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত জুন মাসে একই কারখানায় লিজা আক্তার নামে এক নারী শ্রমিক অসুস্থ হয়ে মারা যান। ওই ঘটনার পর শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানাটি দুই দিন বন্ধ ছিল।