জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে কুষ্টিয়ায় জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়াস্থ 'আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও বীর আহত যোদ্ধাদের সম্মানার্থে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের সাবেক কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, ড. নুরুল আমিন জসীম,মাওলানা রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ খন্দকার এ. কে. এম. আলী মহসিন বলেন, "জুলাইয়ের শহীদ ও আহতদের ত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আজ নতুন বাংলাদেশের পথচলা শুরু হয়েছে। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।"

বিশেষ অতিথির বক্তব্যে জনাব আফজাল হোসাইন এমপি বলেন, "জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের মধ্য থেকেও অনেকে তাদের বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন। অতিথিরা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।