স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া। দেশব্যাপী সরকারে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরেও এই কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৩ জুন ) গাজীপুর সদর উপজেলাস্থ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন মৌসুমী ফলদ গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়, যাতে নতুন প্রজন্ম সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, উপজেলা নির্বাহী অফিসার (সদর) মোঃ সাজ্জাত হোসেন, জেলা প্রশাসন ও বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সুধীজন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশ রক্ষায় শুধু পরিকল্পনা নয়, মাঠপর্যায়ে এমন সরাসরি অংশগ্রহণ মানুষকে অনুপ্রাণিত করে এবং সবুজ বাংলাদেশ গঠনে জনসম্পৃক্ততা বাড়ায়।

জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচকভাবে দেখা হচ্ছে, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।