বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে বাদল-হিরু প্যানেল নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সভাপতিসহ প্রতিটি পদেই তারা বিপুল ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করেছেন। ভোট গণনা শেষে রাত ১০টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোছাঃ আছিয়া খাতুন ফলাফল ঘোষনা করেন।
সভাপতি পদে আতিকুর রহমান বাদল গোলাপফুল প্রতিকে ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা পেয়েছেন ২২৭ ভোট। সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন হামিদুল হক চৌধুরী হিরু (৭২৬) এবং মামদুদুর রহমান শিপন (৫৯১)। নিকটতম প্রতিদ্বন্দ্বী এরশাদুল বারী এরশাদ (২৫৩) এবং মামুনুর রশীদ মামুন (১৯৬)।
পরিচালক পদে বিজয়ীরা হলেন খন্দকার মেজবাহুল হক রন্টু (৬১২), পরিমল চন্দ্র দাস (৫৯৬), আজিজার রহমান মিলটন (৫৭৯), শাহিনুর ইসলাম সবুজ (৫৬৯), এস এম নূর ই আলম সিদ্দিকী পল্লব (৫৫৭), রাশেদুল ইসলাম (৫৫৩), শফিকুল ইসলাম কোকন (৫৩২), সামসুল হক বেনু (৫২২) এবং মতিউর রহমান (৪৬৬)।
এর আগে উৎসবমুখর পরিবেশে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিসিসিআই) এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই দশক পর অনুষ্ঠিত নির্বাচনে এক হাজার ৭৭জন ভোটারের মধ্যে ৯৩০ জন ভোট প্রদান করেছেন। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের শহীদ টিটু মিলনায়তনে শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহন করা হয়।
সভাপতিসহ ১২টি পদে ভোট গ্রহন করা হয়। সরকার সমর্থক বাদল-হিরু প্যানেল এবং জামায়াত সমর্থিত সেলিম-এরশাদ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে। এছাড়া পরিচালক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও ছিলেন। এর আগে সরকার সমর্থক প্যানেলকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। সেই সাথে একের পর এক আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকার সমর্থক প্যানেলের সভাপতি প্রার্থী আতিকুর রহমান বাদলকে শোকজ করে নির্বাচন পরিচালনা কমিটি।