গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরার চালা নতুন বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আউটলেটটির উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাওনা শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবনের মালিক আব্দুল বাতেন (বি.এসসি.)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ড. মো. হারুন অর রশিদ মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজেন্দ্রপুর আরপি গেইট এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ মাওলানা মো. নূরুল ইসলাম এবং গাজীপুর বাজার শাখার ইনচার্জ মো. আইয়ুব আলী।

মাওনা শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। নতুন এ আউটলেটের মাধ্যমে এলাকার জনগণ সহজে, দ্রুত ও নিরাপদে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।