গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় পল্লীশ্রীর নাগরিক সমাজ সংগঠনের সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ থানায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে এই সংলাপের আয়োজন করা হয়।

প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে থানার পরিচিতি ও সেতুবন্ধ তৈরি এবং যৌথ পরিকল্পনায় সেবা কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে উপজেলা পর্যায়ের অন্যতম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গোবিন্দগঞ্জ থানার সঙ্গে পল্লীশ্রীর উপজেলা ও ৬টি ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে নাগরিক সমাজ সংগঠনের এই সংলাপ সভা (ডায়ালগ মিটিং) অনুষ্ঠিত হয়।

সংলাপ সভায় বিট পুলিশিং সেবা, যেকোনো নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে থানার ভূমিকা, এফআইআর, মামলা ও অভিযোগসহ নাগরিক সেবা সম্বন্ধে বিস্তারিত ধারণা দেন এবং উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক, ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার ও সেকেন্ড অফিসার শিবলী কায়েছ মীর।

পল্লীশ্রীর টেকনিক্যাল কো-অর্ডিনেটর (টিসি) মুক্তি বেগমের সঞ্চালনায় সংলাপ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লীশ্রীর প্রজেক্ট কো-অর্ডিনেটর (পিসি) মাহমুদ মানিক, এরিয়া কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম সুজন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক; পল্লীশ্রীর নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি হ্যাপী বেগম, গোলাম মোস্তফা, উজ্জ্বল চন্দ্র, সীমা রাণী, তৃপ্তি বেগম, মৌসুমী বেগম, সুলতানা বেগম প্রমুখ।