দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে।
গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন সাত শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। আর হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৮৪ জনের। সব মিলিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ৬৭৭ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮০ জনের শরীরে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ৮০৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে ৬ জন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। একই সময়ে ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৩২৬ জন। এর মধ্যে ৫১ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।
বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ৩০৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে ৫৭ শিশু এবং সন্দেহজনক হাম মৃত্যু হয়েছে ২৪৭ জনের। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে নিশ্চিত হামে দুইজনসহ মোট ৮৯ জন, সিলেটে তিনজনসহ ৭৭ জন, চট্টগ্রামে ১০ জনসহ ৫৯ জন, বরিশালে ১৯ জনসহ ৫৮ জন, ময়মনসিংহে দুইজনসহ ৫৫ জন, খুলনাতে হামের উপসর্গে ২৭ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।